বছরের একটি নির্দিষ্ট দিনে আয়কর বিবরণী জমা দেয়ার জন্য ২/৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আদলে ‘ট্যাক্স ডে’ চালু করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ৩ দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
সেইসঙ্গে করদাতাদের অযথা হয়রানি না করে কর প্রদান কার্যক্রম আরো সহজ করার উপর জোর দেন তিনি।
মেলার উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, দেশের সকল নাগরিকের কাছ থেকে একদিনে আয়কর আদায়ে একটি দিন নির্দিষ্ট করে দেয়া হবে।
করদাতারা যাতে ঝামেলা ছাড়াই কর পরিশোধ করতে পারেন সেজন্য আয়কর রিটার্ন ফরম আরো সহজ করার পরামর্শ দেন তিনি।
রাজধানীর অফিসার্স ক্লাবে তিনদিনের আয়কর মেলা ছাড়াও করদাতারা উত্তরা ও সব বিভাগীয় শহরে ২১ নভেম্বর পর্যন্ত রিটার্ণ দাখিল করতে পারবেন।
উল্লেখ্য, সেপ্টেম্বরে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে সরকার আয় করেছে রেকর্ড পরিমাণ রাজস্ব। ৭ দিনের এ মেলায় প্রায় এক লাখ ৬২ হাজার কর দাতা জমা দেন দুই হাজার ৩৫ কোটি টাকারও বেশি আয়কর।
রাজস্ব আদায়ে এ অভূতপূর্ব সফলতায় উৎসাহিত হয়ে এবারই প্রথম শীতকালীন আয়কর মেলার আয়োজন করলো জাতীয় রাজস্ব বোর্ড।