অগ্রাধিকারমূলক বাজার সুবিধা-জিএসপি ফিরে পেতে বাংলাদেশের নেয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে— তবে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যবীমা বিষয়ে আরও অগ্রগতি দেখতে চায় দেশটি বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার দুপুরে নিজ দপ্তরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি-টিকফার দ্বিতীয় বৈঠকের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সব শর্ত পূরণ করেছে— এখন জিএসপি ফিরে পেতে কোনো বাধা থাকার কথা নয় বলে জানান তোফায়েল আহমেদ। এছাড়া, আমদানি-রপ্তানির শুল্ক বাধা দূর করাসহ পারস্পারিক বাণিজ্য সহযোগিতার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ সময় ডিসেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে হতে যাওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার দশম সম্মেলনে- মেধাস্বত্ত আইন বাস্তবায়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার মূলনীতি মেনে শ্রম অধিকার বাস্তবায়ন ও পরিবেশ আইন মেনে চলার বিষয়গুলো তুলে ধরা হবে বলেও জানান মন্ত্রী।
২৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি-টিকফার দ্বিতীয় বৈঠক শুরু হয়।