নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে আরও ধৈর্যশীল ও নৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন সফররত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক-ইউএনডিইএসএ আয়োজিত আন্তর্জাতিক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।
কৌশিক বসু বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে সুসমন্বয় ছাড়া এটির বাস্তবায়ন সম্ভব নয়— তবে সমন্বিত উন্নয়নের অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশের লক্ষ্যমাত্রা স্পর্শ এমনকি অতিক্রমও করেছে।
ছোট দেশ হওয়া সত্ত্বেও বড় মাপের অর্থনৈতিক কর্মকাণ্ডের পথে পা বাড়াতে বাংলাদেশ প্রস্তুত উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান এ অর্থনীতিবিদ তা বাস্তবায়নে সরকারি-বেসরকারি সুসমন্বয়ের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান বলেন, দেশি-বিদেশি নানা বাধা সত্ত্বেও বাংলাদেশ তার প্রবৃদ্ধি ও উন্নয়নে বিশ্বসমাজের নজর কেড়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতাকে ত্বরাণ্বিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন অতিমাত্রায় জরুরী বলেও জানান তিনি।