রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে যেসব ট্যানারি মালিক একেবারেই কাজ শুরু করেননি তাদের প্লট বাতিল করা হবে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাতিল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সকালে ট্যানারি স্থানান্তরের বিষয়টি নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা।
বৈঠক শেষে বিএফএলএলএফইএয়ের সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিন সাংবাদিকদের বলেন, যেসব ট্যানারি মালিক তাদের প্রতিষ্ঠান সাভার ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে একদমই কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিল করা শিল্পমন্ত্রী কথা বলেছেন।
তিনি আরো বলেন, যারা এতোদিনেও কাজ শুরু করতে পারেননি তাদের প্লট বাতিল না করার জন্য কোনো সুপারিশ করবে না বিএফএলএলএফইএ।
এর আগে রোববার (১০ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি না সরালে কারখানাগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন শিল্পমন্ত্রী। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ পাঠানোর নির্দেশনা দেন তিনি।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্প খাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত সভা শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে হাজারীবাগ থেকে যেসব ট্যানারি স্থানান্তর হবে না, সেগুলোর নামে সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দ করা প্লট বাতিলের নির্দেশও দেন মন্ত্রী।