রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজের ব্যয় ও সময় দুটোই বাড়ানো হয়েছে—জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পটির নকশা সংশোধনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল।
বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূল অনুমোদিত প্রকল্প থেকে ৪৪৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় বেড়েছে—৭৭২ কোটি ৭০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা।
প্রকল্প বাস্তবায়নের সময়সীমাও দেড় বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
ব্যয় ও সময় বৃদ্ধির পর সংশোধিত প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
পরিকল্পনামন্ত্রী জানান, ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ’ প্রকল্পটিসহ মোট দশটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে।
এসব প্রকল্পের মোট ব্যয় হবে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্প সাহায্য ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা এবং বাকিটা আসবে সরকারি তহবিল (জিওবি) থেকে।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল। এখন সময় নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের জুন নাগাদ।