আইন লঙ্ঘনসহ শর্তভঙ্গ এবং উৎপাদনের অযোগ্য প্রমাণিত হওয়ায় ৩৭টি কারখান বন্ধ করে দিয়েছে সরকার আর ৩৬টি কারখানা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
‘বাংলাদেশের শ্রম পরিদর্শন ব্যবস্থাঃ অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ" শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, সরকার তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের উৎপাদন অব্যাহত ও শ্রমিকদের সুরক্ষায় যেসব উদ্যোগ বর্তমানে নিয়েছে তাতে রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা বাংলাদেশের শিল্প-কল-কারখানায় ঘটবে না।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিবেদনটি প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত ২০১৩ সালের মে থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন ধরণের প্রায় ৪ হাজার কারখানা পরিদর্শন করা হয়। এর মধ্যে ২০১৪ সালেই কারখানাগুলোতে ৪৪ হাজার ৩৪৭টি ঘটনা নথিভূক্ত হয়েছে। এরমধ্যে ৪৪ ভাগ শ্রমিক নিয়োগে শর্তভঙ্গের ঘটনা। সুরক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত আইন লঙ্ঘন হয়েছে ২৭ ভাগ।