বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা পুনরায় নিয়োগ পাচ্ছে— বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে ভুটানের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক ডিজিশূন্য হয়ে পড়ছে—এ ব্যাপারে কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুনর্নিয়োগ না দিয়ে নতুন করে কাউকে নিয়োগ দিতে হলে ৩ মাস সময় লাগে। এ জন্য সার্চ কমিটি করতে হয়।
বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাচ্ছে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গভর্নর, ডেপুটি গভর্নরের নিয়োগ চুক্তিভিত্তিকই হয়।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকে তিন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, আবু হেনা মোহা. রাজী হাসানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরে ডেপুটি গভর্নর থাকেন ৪ জন। এখন আছেন একজন।