বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া—উল্লেখ করে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার তথ্যও সঠিক নয় বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাইদি হামিদি।
শুক্রবার সেরি ড. আহমদ জাইদি হামিদি এবং মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রিওটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার।
দেশটিতে কর্মরত অবৈধ শ্রমিকদেরকে আটক ও ফেরত পাঠানোর হুশিয়ারিও দেয়া হয়েছে বলে পত্রিকাটিতে জানানো হয়েছে।
পত্রিকাটির ভাষ্যমতে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ১৫ লাখ শ্রমিক নেয়ার ব্যাপারে যে খবর বেড়িয়েছে তাও সত্য নয়।
দেশটির মানবসম্পদ মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়াসহ বিশ্বের ১৩৯টি দেশে কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ে ১৫ লাখ শ্রমিক নিবন্ধিত হয়েছে। তবে এসব শ্রমিকের সবাইকে যে মালয়েশিয়া নিবে তা সত্য নয়।
এর আগে গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো সেরি রিচার্ড রায়ট এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি নিজ নিজ দেশের পক্ষে শ্রমিক নিয়োগের একটি সমঝোতা স্মারকে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ বছরে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। যাদের বেতন হবে ১৪ থেকে ১৬ হাজার টাকা। সঙ্গে থাকবে ওভারটাইম।যেতে খরচ হবে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা।