ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ—উল্লেখ করে এ লক্ষ্যে এসব অঞ্চলের দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার সকালে রাজধানীতে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর রাষ্টদূতদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ প্রস্তাব দেন।
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো গেল বছর প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। তবে এর মধ্যে বাংলাদেশ থেকে নিয়েছে আধা বিলিয়ন ডলারেরও কম।
এসব অঞ্চলের দেশগুলোর সঙ্গে পারস্পারিক বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল বাংলাদেশ।
জবাবে বাজার ধরতে এসব অঞ্চলে বাংলাদেশিদের বিনিয়োগের আহবান জানান সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের অনেকেই। এর পাশাপাশি বাংলাদেশি পণ্য সম্পর্কে জানানো এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মানুষদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা।
এসব অঞ্চলে বাণিজ্য বাড়াতে, আর্থ-সামাজিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ রাষ্ট্রদূতদের।
সেমিনারে ল্যাটিন আমেরিকার ৬টি এবং ক্যারিবীয় অঞ্চলের ৩টি- মোট ৯ টি দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।