পুঁজিবাজারের লেনদেন ও তথ্য আরও সহজলভ্য করতে, ঢাকা স্টক এক্সেঞ্জে চালু হলো মোবাইল অ্যাপস। এই অ্যাপস ব্যবহারের ফলে, বিনিয়োগকারীরা মোবাইলেই শেয়ার কেনা-বেচা করতে পারবেন। সয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন পুঁজিবাজার সংক্রান্ত যাবতীয় তথ্যও।
বুধবার সকালে রাজধানীতে এ সংক্রান্ত মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর ফলে শেয়ারবাজার আরও চাঙ্গা হওয়ার পাশাপাশি, ঢাকা স্টক এক্সেঞ্জের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশও কমে আসবে বলে আশা অর্থমন্ত্রীর।
তিনি বলেন, হাতের নাগালে পর্যাপ্ত তথ্য পাওয়া এবং ঘরে বসে লেনদেন করার সুবিধার কারণে, পুঁজিবাজারে আবারও গতি ফিরে আসবে।
এছাড়াও মোবাইল অ্যাপসে লেনদেন সুবিধা থাকায়—ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের জমায়েত কমে আসবে বলেও মনে করছেন আবুল মাল আবদুল মুহিত।
মোবাইলের মাধ্যমে শেয়ার কেনা-বেচার বিষয়ে বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে ঢাকা স্টক এক্সেঞ্জ কর্তৃপক্ষ।
বলা হয়ে থাকে, দেশের পুঁজিবাজার চলে হুজুগে। বিনিয়োগকারীদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে, নানা গুজবে কান দিয়ে অনেকেই শেয়ার কেনাবেচা করে লোকসানের শিকার হয়েছেন।
এ অবস্থা থেকে উত্তরণে, পুঁজিবাজারের সব তথ্য বিনিয়োগকারীদের কাছে পৌছে দিতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু করলো মোবাইল আ্যাপস।