রিজার্ভ লুটের ঘটনায় জড়িত ৬ ফিলিপিনোকে সনাক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির দ্যা এ্যানকোয়ারার পত্রিকায় খবর বেরিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা বলছেন, সুইফটের দিক থেকে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না। ভারতভিত্তিক সুইফটের সঙ্গে যোগযোগ করে তাদেরকে এদেশে আসতে বলা হয়, অন-এ্যারাইভাল ভিসা সুবিধা দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান তারা।
তবে ভারতে সুইফটের কর্মকর্তাদের কাছ থেকে এ ব্যাপারে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
টাকা ফেরত আনাকে প্রাধান্য দিয়ে তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে তদন্ত অনেক দূর এগিয়েছে বলে, কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
অর্থ ফিরিয়ে আনার বিষয়ে, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং এ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল সহায়তা করছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।
গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপিন্সের সংবাদপত্র দি ফিলিপিন ডেইলি ইনকোয়ারারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ডলার হাতিয়ে নিয়ে তা ফিলিপিন্সে পাচার করে। পরে ওই অর্থ সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে।
গণমাধ্যমে আরও বলা হয়েছে, চীনা হ্যাকাররা নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট হ্যাকড করে। এর মধ্যে সাড়ে ৭ কোটি ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকে এবং বাকি অর্থ শ্রীলংকার একটি ব্যাংকে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ফিলিপিন্সের এন্টি-মানি লন্ডারিং কর্তৃপক্ষ তাদের দেশের আদালতে মামলা দায়ের এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো জব্দের পদক্ষেপ নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
এই টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের দুজন কর্মকর্তা ইতোমধ্যে ফিলিপিন্সে গিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এসেছেন। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের ডিজিএম জাকের হোসেন ও বিএফআইইউর যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রবকে দেশটিতে পাঠানো হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান।
সেখানে গিয়ে এ দুই কর্মকর্তা ‘ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিন্স (বিএসপি)’ এবং ‘এন্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)’-এর সঙ্গে আলাদা বৈঠক করেন। বিশেষ এ দুটি বৈঠকে হ্যাকার গ্রুপ চিহ্নিত করে টাকা ফেরতের ব্যবস্থার বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়।