রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি—উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, সিআইডির একটি দল আজ বাংলাদেশ ব্যাংকে গিয়ে অনুসন্ধান কার্যক্রম চালিয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শুভংকর সাহা বলেন, ওয়াল্র্ড ইনফরমেটিক্স সিস্টেমের সঙ্গে সিলিকন ভ্যালি ভিত্তিক ফায়ারআই তদন্ত চালিয়ে যাচ্ছে। ফিলিপাইন থেকে অর্থ উদ্ধারের বিষয়েও যোগযাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই।
এর সঙ্গে সিআইডি ও র্যাব তদন্তে নেমেছে বলেও জানান নির্বাহী পরিচালক।
শুভংকর সাহা আরো বলেন, আজ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলো পরিদর্শনের পাশাপাশি, একজন ডেপুটি গভর্নর এবং উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সিআইডি'র তদন্তকারীরা।
তিনি আরো বলেন, সমালোচনার মুখে গভর্নরের পদত্যাগ এবং দুই ডেপুটি গভর্নরের অব্যাহতির পরও, বাংলাদেশ ব্যাংকের কাজ রুটিন মাফিক চলছে।
এছাড়া দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেয়া হয়েছে। আরও কয়েকজন নির্বাহী পরিচালক এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা অব্যাহতির তালিকায় আছেন বলে জানা গেছে।
অব্যাহতি পাওয়া ডেপুটি গভর্নরকে নাজনীন সুলতানাকে অফিসে দেখা যায়নি। তবে আবুল কাশেম সকালে এসে দুপুরের দিকে বেরিয়ে গেছেন অফিস থেকে।