চাকরির মেয়াদ ২০ বছর হলেই প্রথম গ্রেডে যেতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা— তবে এ সুযোগ পাবেন মোট শিক্ষকদের ২৫% বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বেতন-বৈষম্য দূরীকরণ সংক্রান্তে শিক্ষক নেতাদের সঙ্গে বেঠক শেষে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর সাংবাদিকদের এ তথ্য জানান জানান অর্থসচিব মাহবুব আহমেদ।
অর্থসচিব বলেন, নতুন বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোট ২৫% প্রথম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরে মাহবুব আহমেদ বলেন, সহযোগী অধ্যাপক হিসেবে ন্যুনতম চার বছর চাকরি এবং দুটি আর্টিকেল প্রকাশের পরই একজন শিক্ষক দ্বিতীয় গ্রেডে যেতে পারবেন।
নতুন বেতন কাঠামোতে বেতন-বৈষম্য, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইমস্কেল পূর্নবহালসহ বেশকিছু দাবি নিয়ে প্রায় এক বছর ধরে আন্দোলন করে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস বর্জন, মানবন্ধনের মতো বড় ধরনের কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেন।