বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে জাতিসংঘসহ কয়েকটি সংস্থার কাছে চিঠি পাঠিয়েছেন নতুন গভর্নর ফজলে কবীর।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রাপাচার প্রতিরোধ সংস্থাসহ বেশ কয়েক জায়গায় সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন তিনি।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর ব্যাংকটির সকল মহাব্যবস্থাপক এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করে এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালকদের নির্দেশ দিয়েছেন ফজলে কবীর।
রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত পেতে নতুন গভর্নর বেশ কয়েকটি জায়গায় সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন—এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীন তদন্ত কমিটিও অনুসন্ধান চালাচ্ছে।
এদিকে, রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সিআইডি ও সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি রোববারও বাংলাদেশ ব্যাংকে ব্যস্ত সময় পার করে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের কিছু বলেন নি তারা।