চলমান ট্যারিফ ও নন-ট্যারিফ জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের উৎপাদিত পণ্যের রপ্তানি আরো বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ও কলকাতাভিত্তিক সেন্টার ফর ইস্ট অ্যান্ড নর্থ রিজিয়ন স্টাডিজ এর যৌথ উদ্যোগে বাংলা একাডেমীতে দিনব্যাপী বাংলাদেশ-ভারত সহযোগিতা শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিবেশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিষয়গুলো উদার দৃষ্টিতে দেখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
দু'দেশের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
তবে বাংলাদেশ-ভারত অসম বাণিজ্য চুক্তি, বিশাল বাণিজ্য ঘাটতি পূরণে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়ার কথা বলেন আলোচকরা।
দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানে দু'দেশের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। কিছু আমলাতান্ত্রিক এবং নীতিগত সিদ্ধান্তের কারণে দু'দেশের সম্পর্কে কখনো কখনো প্রতিবন্ধকতা দেখা দেয়। সার্কের ভবিষ্যৎ খুব আশাব্যঞ্জক নয়— উল্লেখ করে উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেন বিশেষজ্ঞরা।
তবে, এসব বাধা সত্ত্বেও ভারতের বিশাল বাজারে প্রবেশ করে নিজের অবস্থান তুলে ধরার পরামর্শ দেন আলোচকরা।