সার্বিক ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে ২০১৫-১৬ বাজেটে একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা থাকলেও এখন আর তা গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে ‘ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে’র সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে যেসব দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এখন আর কমিশন গঠনের কোনো ইচ্ছে নেই।
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরিসহ অন্যান্য ব্যাংকের অনিয়ম নিয়ে তদন্ত চলছে— উল্লেখ করে মুহিত বলেন, এসব তদন্তের ফলাফল দেখে ব্যাংকিং কমিশনের যৌক্তিকতা আছে কিনা তা বিবেচনা করা হবে।
তাড়াহুরো করে ফাইনেন্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাশ করা হলেও এখন পর্যন্ত কউন্সিল গঠন করা যায়নি বলেও জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, রাজস্ব আয় বাড়াতে আগামী বাজেটে প্রতিটি উপজেলায় কর অফিস স্থাপন করা হবে।
আয় বৈষম্য প্রসঙ্গে তিনি আরো বলেন, আগামী অর্থবছরে আয় বৈষম্য বাড়বে, তবে তা সমাজের ওপর ক্ষতিকর কোনও প্রভাব ফেলবে না।
বড় বড় দোকানগুলোতে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার-ইসিআর বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।