জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার— সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
ছয় মাস সময়ের মধ্যে তিন ধাপ মিলে জ্বালানি তেলের (অকটেন, পেট্রল ও ডিজেল) দাম কমতে পারে লিটারপ্রতি মোট ২০ টাকার মতো।
সূত্র জানায়, গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এভাবেই জ্বালানি তেলের দাম কমানোর পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তিন ধাপের মধ্যে প্রথম ধাপে দাম কমানোর ঘোষণা দেয়া হতে পারে দুই সপ্তাহের মধ্যে। এরপর সড়ক ও নৌ–পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরের ধাপগুলোতে দাম কমানোর পদক্ষেপ নেয়া হতে পারে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২০১৪ সালের জুন থেকে। তবে দেশে এখন পর্যন্ত দাম না কমানোয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিপুল অর্থ মুনাফা করেছে। এ অর্থ দিয়ে সব দায়-দেনা পরিশোধ করেও বিপিসির হাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা জমা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
এ প্রেক্ষাপটে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম ‘যৌক্তিক’ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে ফার্নেস তেলের দাম কমিয়ে প্রতি লিটার ৬০ টাকার স্থলে ৪২ টাকা করা হয়।
এরপর এখন প্রস্তুতি নেয়া হচ্ছে অন্যান্য জ্বালানি তেলের দাম কমানোর।