রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের আন্তর্জাতিক নেটওয়াক-সুইফটের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এডওয়ার্ড হাদ্দাদ।
বাংলাদেশ ব্যাংকের সুইফট এবং অ্যাকাউন্টস ও বাজেটিং রুমও তিনি পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এদিকে, বিএনপির একটি প্রতিনিধি দলও আজ গভর্নরের সঙ্গে সাক্ষাত করেছেন। রিজার্ভ চুরির তদন্তে সহয়তার জন্য গভর্নরের কাছে কিছু তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে বলে পরে দলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় কারা জড়িত, এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড ব্যবহার করে ফেডারেল রিজার্ভে অর্থ ছাড়ের পরামর্শ দেওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক।
বেলজিয়াম ভিত্তিক আন্তঃব্যাংক অর্থ লেনদেনের তথ্য আদান-প্রদানকারি নেটওয়ার্ক- সুইফটের কোন দুর্বলতা আছে কি-না? তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করছেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড হাদ্দাদ।
গভর্নরের সঙ্গে আরো সাক্ষাত করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায়, যথাযথ তদন্ত করে, জড়িতদের খুঁজে বের করার দাবি জানান তারা।