দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২৭৬ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। পণ্যের শুল্কমূল্য কয়েকগুণ বৃদ্ধিসহ নানামূখী হয়রানির কারণে এ বন্দর দিয়ে পণ্য আমদানিও কমে গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ১৪৩ কোটি ৩২ লাখ টাকা। এরমধ্যে প্রথম ৮ মাসে এ লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৭০ কোটি ৯০ লাখ টাকা। তবে এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৬২ লাখ টাকা।
গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৯৪,৫০৫.৮৫ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীদের অভিযোগ পর্যাপ্ত অবকাঠামো না থাকায় হয়রানি ও অধিক শুল্কায়নের কারণে এ বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ নেই। তাই মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা।
আর আগের চেয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি দেড়গুণ বেড়েছে—উল্লেখ করে কাস্টমস কর্মকর্তারা বলেন, অর্থবছর শেষ হবার আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে।