বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর গুরত্ব দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। এসব প্রকল্পের জন্য মুল বাজেটের সঙ্গে একটি আলাদা বাজেট সংযুক্ত করার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাজট্রি-এমসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শুল্ক কাঠামো আরও সহজ করার চেষ্টা চলছে— বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এবারের বাজেটে বড় ধরণের ট্রান্সফরমেশন হচ্ছে।
২০২৪ সালের পর থেকে আমদানিতে আর কোন শুল্ক থাকবেনা বলেও জানান অর্থমন্ত্রী। এ জন্য দেশিয় শিল্পগুলোকে নিজেদের সুরক্ষায় সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ থেকে ১০% অর্জনের পথে বেসরকারি বিনিয়োগের মন্দা আর দুর্বল অবকাঠামোকে চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
সভায় এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর ৩টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা কম থাকায়, রপ্তানি-রেমিটেন্সে বিরূপ প্রভাব, দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগের মন্দা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কাজ ও ব্যয়ে দক্ষতা বাড়ানো, চাকরির সুযোগ তৈরি এবং আয় বৈষম্য কমিয়ে আনা।
এ সময় প্রাক-বাজেট আলোচনায়, ভ্যাট-ট্যাক্স, অবকাঠামো, রপ্তানি প্রনদনাসহ অর্থমন্ত্রীর কাছে নানা দাবি তুলে ধরেন তিনি।
আগামী ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবারের ধারাবাহিকতায় এবারও এমসিসিআইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেন অর্থমন্ত্রী।