বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ও চীনা ব্যবসায়ী ওয়েকাং জু ও রিজাল ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তানকে তলব করেছে দেশটির বিচার বিভাগ।
তাদেরকে আগামী ১৯ এপ্রিল প্রাথমিক তদন্তের শুনানিতে হাজির হতে সমন জারি করা হয়।
এদিকে, রিজার্ভ চুরির ঘটনার তদন্তকারী সিনেট ব্লু রিবন কমিটির শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন কিম অং।
তবে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্য দুই দফায় ৫৪ লাখ ৬০ হাজার ডলার দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-এএমএলসিতে ফেরত দেন তিনি।
এএমএলসি তদন্তে বেরিয়ে আসে চুরির ৫ কোটি ৯২ লাখ ডলার ওয়েকাং জুর কাছে রয়েছে। শুনানিতে ওই অর্থ চুরির সঙ্গে রিজালের প্রেসিডেন্ট লরেঞ্জো তানের সংশ্লিষ্টতার কথা জানান ব্যাংকটি সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতো।
এর আগে বিচারবিভাগ দিগুইতো এবং যে ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ চুরি করা হয়েছে ওই ৪ অ্যাকাউন্টধারীকেও তলব করে।