বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রিপোর্টটি আমি পড়ি নাই— পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে।
গতকাল বুধবার রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল সন্ধ্যায় অর্থমন্ত্রীর কাছে জমা দেন।
আজকের অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলে বিশেষ অতিথি হিসেবে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া পিডব্লিউসি বাংলাদেশের চেয়ারম্যান দীপক কাপুর, ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, পরিচালক অভিজিত মুখার্জি উপস্থিত ছিলেন।