দেশের অর্থনীতির মূল চলিকাশক্তি হলো ব্যাংকিং খাত তাই অনিয়ম-দুর্নীতি রোধ করে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদসহ বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর আয়োজিত আলোচনায় তারা এ কথা বলেন।
তাদের মতে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর অব্যবস্থাপনা, বিপুল অংকের খেলাপি ঋণ, রাজনৈতিক হস্তক্ষেপসহ নানা অনিয়মের কারণে এ খাতটি দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে।
এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের একক ব্যবস্থাপনাসহ খাতটিতে দক্ষ ও সৎ জনশক্তি বাড়ানো পরামর্শ দেন তারা।
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নেসের বখতিয়ার বলেন, বিনিয়োগ না বাড়ায় ব্যাংকগুলোতে প্রায় দেড় লাখ কোটি টাকা অলস পড়ে আছে। এদিকে, ঋণ খেলাপির ফলে বিশেষ করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি হচ্ছে বলেও জানান তিনি।
আবু নেসের আরো বলেন, ব্যবস্থাপনার সংকট এবং সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে পরিচালকদের অযাচিত হস্তক্ষেপের ফলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটি ধ্বংসের পথে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর সালেহ উদ্দীন আহমেদ বলেন, বিচারহীনতার সংস্কৃতির ফলে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেও দুর্নীতিবাজরা ছাড় পেয়ে যায়। ব্যাংকিং খাতের এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
দ্রুত অগ্রসরমান দেশের এই আর্থিক খাতকে বাঁচাতে দুর্নীতি কমানোর বিকল্প নেই বলে মনে করেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা।