আগামী অর্থবছরের শুরু থেকেই কার্যকর হতে যাচ্ছে মূল্য সংযোজন কর-মূসক আইন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
সভায় মন্ত্রীরা জানান, ব্যবসায়ীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মূসক আইন কার্যকর হবে। নিয়মিত মূসক দিয়ে এ সংক্রান্ত জটিলতা দূর করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।
আর ব্যবসায়ীরা বলছেন, মূসক সংক্রান্ত তাদের পরামর্শ ও সুপারিশ সরকার না মানলে আইনের সঙ্গে সংঘর্ষ বাধবে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশ্বস্ত করেছেন, আইনে ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত হবে।
বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় এ ধরনের আলোচনা হয়। সেখানে ব্যবসায়ীরা গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোসহ এসবের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি জানালে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাস সংকট কাটবে।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী নেতারা ছিলেন।
ব্যবসা-বাণিজ্য বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের জন্য ভ্যাট সম্পর্কিত জটিলতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।
নির্ধারিত দামের পণ্যে ২ শতাংশ মূসক ও অনির্ধারিত দামের পণ্যে প্যাকেজ মূসক রাখার দাবি তাদের দীর্ঘদিনের। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিও জানান তারা। একইসঙ্গে চান গ্যাস-বিদ্যুতের দাম আরো কমানোর দাবি তাদের।
আগামী ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাস সংকট দূর হবে বলেও আশ্বাস দেন মন্ত্রীরা।