ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনো থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধার অব্যাহতভাবে সহায়তা করে যাওয়ার অঙ্গীকার করেছেন ক্যাসিনো ব্যাবসায়ী কিম অং।
মঙ্গলবার তার আইনজীবী এ কথা জানিয়েছেন।
এদিকে, চুরির ঘটনায় কিম অং এবং রিজাল ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার মাইয়া সান্তোষ দিগুইতিকে স্থানীয় সময় আজ বিকেল ৫টার মধ্যেই ব্যাখ্যা দিতে বলেছে দেশটির বিচার বিভাগ।
তাদের বিরুদ্ধে দেশটির মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল ফৌজদারি অভিযোগ এনেছে। তবে নিজেদের সপক্ষে যুক্তি তুলে ধরতে অন্তত এক সপ্তাহের সময় চেয়েছেন দিগুইতি এবং অং।
অর্থ চুরির ঘটনায় গত ২৭ এপ্রিল ফিলিপাইনের মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল-এএমএলসির দায়ের করা একটি অভিযোগপত্রের উপর ভিত্তি করেই সময় চেয়েছেন তারা দুজন।
ওই অভিযোগপত্রে রেমিটেন্স কোম্পানি ফিলরেমের স্বত্তাধিকারী সালুদ বাতিস্তা এবং তার স্বামী মিখায়েল বাতিস্তাসহ কোম্পানির প্রেসিডেন্ট ও ট্রেজারার জড়িত বলে অভিযোগ আনা হয়েছে।