২০২১ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে অনেক পিছিয়ে তৈরি পোশাক খাত। লক্ষ্য অর্জন করতে হলে প্রতি বছর গড়ে ১২% প্রবৃদ্ধি করতে হবে অথচ গত ২২ মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬.৮১%।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ।
বিজিএমইএ পক্ষ থেকে বলা হয়, গ্যাস-বিদ্যুত ও সরকারের সহযোগিতা না পেলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে নয়। এসব সমস্যা সমাধানের পাশাপাশি একটি সুনির্দিষ্ট জ্বালানি নীতিমালাও প্রয়োজন।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০% আর গেল বছর প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৯৮%। সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, এ প্রবৃদ্ধিতে আত্মতুষ্টির কিছু নেই কারণ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তৈরি পোশাক খাতের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নিত করার লক্ষ্যমাত্রার তুলনায় এ অর্জন অনেক কম।
গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট টাকার বিপরীতে আন্তর্জাতিক মুদ্রাগুলোর দরপতন— এ্যাকর্ড ও এল্যায়েন্সের রেমিডিয়েশন চাপ এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি বছর পোশাক রপ্তানিতে ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না।
এসব সংকট মোকাবেলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে পোশাক ব্যবসায়ীরা বলেন, দ্রুত একটি জ্বালানি নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
এদিকে, গত ৩ বছরে ২৫০টি নতুন পোশাক কারখানা স্থাপিত হয়েছে আর বন্ধ হয়েছে ৬১৮টি কারখানা।