বিদ্যুৎ খাতের উন্নয়নে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার— বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে পাওয়ার বন্ড ইস্যু নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, সবার আগে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
এরইমধ্যে সরকার আন্তর্জাতিক বাজারে ‘সভরেন বন্ড’ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, সাধারণত ব্যাংক ঋণের চেয়ে বন্ডের ব্যয় বেশি হয়। তারপরেও বিদ্যুৎ খাতে অর্থায়নে সরকার এ বন্ড ছাড়ার উদ্যোগ নেয়া হয়েছে। যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে চাইলে সরকার সভরেন গ্যারান্টি দেবে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৫০ কোটি ডলারের বন্ড ছেড়ে এ যাত্রা শুরু করবে।
এদিকে, দেশে বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে—তাতে সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে এ খাতে আরো প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশি উৎসের পাশাপাশি এ অর্থ সংগ্রহে সরকার বিবেচনা করছে আন্তর্জাতিক বন্ড ইস্যুর কথা।
বন্ডের মাধ্যমে এ অর্থ কিভাবে সংগ্রহ করা যায় তা নিয়েই কয়েকটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা।