বাজেটের আকার বেড়েছে— তবে বাড়েনি বাস্তবায়ন সক্ষমতা। বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে যে ধরণের সংস্কার দরকার সে বিষয়েও সরকারের তৎপরতা নেই বলেই মনে করছে থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার রাজধানীতে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এ বিশ্লেষণ তুলে ধরেন তিনি।
আগামী বাজেট বাস্তবায়নে সরকারের উন্নয়ন প্রশাসন, উন্নয়ন সমর্থনকারী প্রতিষ্ঠান এবং নীতি সংস্কারের পরামর্শ দেন তিনি। এর পাশাপাশি প্রবৃদ্ধির সুবিধা সবার কাছে পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষিতে বরাদ্দ বাড়ানোর কথাও বলেন দেবপ্রিয়।
দেবপ্রিয় বলেন, অতীতের মত এবারও রাজস্ব আহরণের লক্ষ্য পুরণ হচ্ছে না— বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে আগামী বাজেট বাস্তবায়ন করতে হলে- বাজেট বাস্তবায়নকারী সংস্থা, আর্থিক খাত এবং সরকারের কর ও প্রণদোনা নীতির সংস্কার জরুরি।
তিনি বলেন, গেল কয়েকবছরে জিডিপির প্রবৃদ্ধি যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান। এ সমস্যা দূর করতে কৃষিতে প্রণোদনাসহ মানব সম্পদ উন্নয়ন খাতে আরো গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।
আর নতুন মূসক আইন বাস্তবায়নের জন্য আরও যাচাই বাছাইয়েরও পরামর্শ দেয় সিডিপি।