প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে অনড় ব্যবসায়ীরা— এ লক্ষ্যে সোমবার সারাদেশে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন তারা।
মানববন্ধন থেকে ব্যবসায়ী নেতারা দাবি করেন, বর্তমানে দোকান প্রতি প্যাকেজ ভ্যাটের পরিমাণ ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা পর্যন্ত মেনে নিতে রাজী আছেন তারা।
এ সময় ব্যবসায়ীদের জন্য সমান ১৫% ভ্যাট তারা মানবেন না বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
দুপুর ১২টা থেকে বাজতেই পুরান ঢাকার সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। দোকান ছেড়ে রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ সময় তারা ১ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন।
মানববন্ধন থেকে তারা দাবি করেন, সবার জন্য ১৫% ভ্যাট বাধ্যতামূলক করা হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প টিকে থাকতে পারবে না। এরসঙ্গে আগামী বাজেটে ১ হাজার ২০০ পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহারের যে খবর শোনা যাচ্ছে তাতেও দেশিয় শিল্প হুমকির মুখে পড়বে। তাই বাজেটে এসব সিদ্ধান্ত নেয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তারা।
বাণিজ্য ও শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও প্যাকেজ ভ্যাট বহাল রাখার সুপারিশ করেছেন ব্যবসায়ী নেতারা। তবে অর্থমন্ত্রীর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
একই দাবিতে সারাদেশে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন পালন করেছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।