ভ্যাট আইন নিয়ে পিছু হটলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছর থেকেই পণ্য ও সেবা বিক্রির ওপর ১৫% হারে মুল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের পরিকল্পনা এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।
আগামী ১ জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করে মূসক আদায়েওর পরিকল্পনা থাকলেও তা এখন কার্যকর হবে ২০১৭ সালের জুলাই থেকে। বহাল থাকছে প্যাকেজ ভ্যাটের সুবিধা— তবে বাড়ানো হয়েছে পরিমান। ১০ম জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় এসব নির্দেশনা তুলে ধরেন অর্থমন্ত্রী।
ব্যবসায়ীদের আপত্তির মুখে সবার জন্য ১৫% ভ্যাট আইন থেকে পিছু হটলেন অর্থমন্ত্রী। আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের কথা থাকলেও, এটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হবে ২০১৭-১৮ অর্থবছর থেকে।
সংসদে অর্থমন্ত্রী বলেন, দূর্ভাগ্যবশত, ২০১২ সালে গ্রহীত মূসক আইন পুরোপুরি বাস্তবায়নের প্রস্তুতি এখনো পর্যাপ্ত নয়। এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে নয় এটি জুলাই ২০১৭ সাল থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
মূসক আইনে ছোট বড় সব ব্যবসায়ীকে ১৫% কর দেয়ার কথা বলা হয়েছে। তবে বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে এ কর দিতে হবেনা।
নতুন অর্থবছরে করের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। যার মধ্যে মূসক থেকেই আয় ৩৬% বা ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা আদায়ের পরিকল্পনা সরকারের।
চলতি অর্থবছরেও মূসক থেকে করের ৩৬% বা পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। তবে প্রথম ১০ মাসে মূসক আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।