চলতি অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এতে চলতি অর্থবছরের মত আগামী অর্থবছরেও কৃষিখাতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হলেও, বরাদ্দ বাড়েনি। ভর্তুকি বরাদ্দ বেড়েছে জনপ্রশাসন খাত আর সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে।
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে মোট বরাদ্দ ছিল ১৫,৭৭৩ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ ১৯৫৬ কোটি টাকা বাড়িয়ে,
এ খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১৭ হাজার ৭২৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৫.২%।
এবারো কৃষিখাতেই দেয়া হয়েছে সবচেয়ে বেশি ভর্তুকি। মোট ভর্তুকি ও প্রণোদনার ৫০ দশমিক সাত ছয় শতাংশ বরাদ্দ কৃষিখাতে। যা টাকার অঙ্কে ৯ হাজার কোটি টাকা।
জন প্রশাসনে বরাদ্দ ৩৩.৩৩%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ১০.১%, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৩.৭৬% এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২.০৫%।
খাতওয়ারী এবার ভর্তুকি সবচেয়ে বেশি বেড়েছে জন প্রশাসনে। ২০১৫-১৬ অর্থবছরে এখাতে ভর্তুকি ছিল ৪,৯০৯ কোটি টাকা।
আগামী অর্থবছরে ১০০০ কোটি বাড়িয়ে এতে বরাদ্দ দেয়া হয়েছে ৫৯০৯ কোটি টাকা। এরপরেই রয়েছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাত। এতে ভর্তুকি বাড়ানো হয়েছে ৮৫৬ কোটি টাকা।
এছাড়াও জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৯৮ কোটি আর প্রতিরক্ষা খাতে ২ কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে মোট ভর্তুকি ও প্রণোদনা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়লেও, কৃষিখাতের ভর্তুকি বাড়েনি।