২০১৬-১৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক ৩% থেকে বাড়িয়ে ৫% করার প্রস্তাবের পর গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় শুরু করে দিয়েছে অপারেটররা।
শুক্রবার সকাল থেকে মোবাইল গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ নতুন ট্যারিফ প্ল্যানের আওতায় আসার বিষয়টি জানিয়ে দিচ্ছে অপারেটররাগুলো।
রবি গ্রাহকদের এসএমএস করে বলা হয়েছে, মোবাইল সেবার উপর আগের আরোপিত তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ করা হয়েছে, যা আপনার ট্যারিফে প্রতিফলিত হয়েছে। রবির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
মোবাইল অপারেটরদের পক্ষ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও হাতে পাওয়ার পরপরই নতুন ট্যারিফ প্ল্যানের সিস্টেম আপগ্রেড শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজেটে সম্পূরক শুল্কের ঘোষণার পরপরই এনবিআর এ বিষয়ে এসআরও জারি করেছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শুল্কহার পুনর্বিন্যাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বিদ্যমান ৩% সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫% নির্ধারণের প্রস্তাব করছি।