মজুদদারদের জন্যই খুচরা বাজারে বার বার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে দাবি করে ব্যবসায়ীরা বলেন, কয়েকজন মজুদদারের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে আছে। তাই ব্যবসায়ীদের ঢালাওভাবে অভিযুক্ত না করার আহ্বান তাদের।
এদিকে, মজুদদাররা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স অবস্থানের কথাও জানান তিনি।
‘রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়।
রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক জিয়াউর রহমান বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও ব্যবসায়ীদের কারণে পণ্যের দাম বেড়েই চলেছে।
ব্যবসায়ীরা দাবি করেন, মজুদদার ও উৎপাদনকারী একটি চক্রের হাতে দেশের মানুষ জিম্মি হয়ে আছে।
আর পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করতে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিষয়টা সরকারের নজরে রয়েছে।
রোজায় চাঁদাবাজি বন্ধেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে মন্ত্রী জানান।