আর্থিক খাতে এমন কিছু ঘটেনি যে পুরো প্রতিষ্ঠানকেই ধুয়ে মুছে ফেলতে হবে—উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করেই এই সম্পূরক বাজেট করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদে সম্পূরক বাজেট পাসের আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে বরাদ্দের মঞ্জুরি প্রস্তাবের বিরুদ্ধে সাংসদদের দেয়া বক্তব্যের প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
এর আগে, সকাল সোয়া ১০টার দিকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের কার্যসূচি শুরু হয়।
মন্ত্রী বলেন, গত অর্থবছরে দেশের রাজস্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
আমলাতন্ত্রের কারণে বাজেট বাস্তবায়ন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, চ্যালেঞ্জটা অনেক বড়। সেটার সঙ্গে যে তারা চলতে পারছেন এজন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
মেগা প্রকল্প সম্পর্কে মুহিত আরো বলেন, অনেক দেরিতে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে অগ্রগতির লক্ষ্য অনুযায়ী মেগা প্রকল্প এখন গ্রহণ করা যায় বলে মনে করেন তিনি।
এছাড়া অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সম্পর্কে বৈদেশিক সংস্থায় যে ধরনের হিসাব দেয় সেটা সবসময় প্রকৃত থেকে কম হয়। সেজন্য জিডিপির লক্ষ্যমাত্রা ৭.০৫ এর কম করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ নিয়ে অর্থমন্ত্রী বলেন, এর মধ্যে এক/তৃতীয়াংশই খামাখা করা হয়েছে।