জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপর ক্ষুব্ধ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে তারা এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এফবিসিসিআইয়ের অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার কোন প্রতিফল বাজেটে নেই, তাদের কোন প্রস্তাবই মানা হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ ব্যাবসায়ীদের।
এনবিআরের কর্মকর্তাদের মানষিকতার পরিবর্তন করে, দেশপ্রেমিক হওয়ার আহবান জানিয়েছে এফবিসিসিআই।
প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে, শনিবার এর উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো-ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
ব্যবসায়ীদের দাবি, বাজেট প্রস্তাবনার আগে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে দফায় দফায় ব্যবসায়ীদের আলোচনা হয়েছে। সে আলেচনায় ব্যবসায়ীরা প্রায় সাড়ে ৪০০টি প্রস্তাবণা দিয়েছিলেন। তবে এর মধ্যে বাজেটে আমলে নেয়া হয়েছে মাত্র ১১% প্রস্তবণা। যা ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি এফবিসিসিআই'র।
তাদের দাবি, প্রস্তাবিত বাজেট ব্যবসা-বাণিজ্য সহায়ক নয়। রাজস্ব আদায় বাড়াতে বাজেটে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে ব্যবসায়ীদের হয়রানিই শুধু বাড়বে, কর আদায় বাড়বে না।
বরং ব্যবসায়ীদের প্রস্তাবণা মেনে নিলে আরও বেশি কর আদায় সম্ভব হতো বলে তারা মনে করেন।
খুব শিগগিরই এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন এর সভাপতি।