বেসরকারি খাতে বিনিয়োগ কম হওয়ায় প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২% অর্জন সম্ভব নয়- বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির নির্বাহী পরিচালক ড.মুস্তাফিজুর রহমান।
সেইসঙ্গে রাজস্ব আদায়ে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাও বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তিনি।
রোববার রাজধানীতে ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় জ্বালানি খাতে বরাদ্দ আরো বাড়ানো ও বাজেট বাস্তবায়নে আলাদা কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
প্রস্তাবিত বাজেটকে উচ্চাবিলাসী ও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন মুস্তাফিজুর রহমান।
তবে, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল বলেন, বিনিয়োগ প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে।
সমষ্টিক অর্থনীতি অনেক এগিয়েছে— উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যেকটি খাতে প্রবৃদ্ধি বেড়েছে। সেইসঙ্গে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
আর দেশে গণতন্ত্র ও সুশাসন না থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।