ব্যবসায়ীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২ থেকে ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার দুপুরে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। এ সময় গভর্নর এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে বেলা ১২ টার দিকে আগামী ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় এফবিসিসিআই।
এদিকে, রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাহী আদেশে আগামী ১ থেকে ৯ জুলাই ঈদের ছুটি ঘোষণা থাকায় ৪ জুলাই দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) ব্যাংক খোলা থাকবে।
তবে শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেয়া সুবিধার্থে ২ ও ৩ জুলাই ওইসব এলাকায় ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।
এর আগে ২২জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়। ওই দিনের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯দিন (১-৯ জুলাই) ঈদের ছুটি পাচ্ছেন।