দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার কারণে দেশের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না— বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গি হামলার বিষয়টিকে প্রতিটি দেশ যার যার আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। এছাড়া ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক পাঠানো হবে না—বলেও জানান তিনি।
বিদেশে দক্ষকর্মী প্রেরণের সংখ্যা তিন লাখ দশ হাজারে উন্নীতকরণের পাশাপাশি স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীসহ আট লাখ কর্মীর বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান নুরুল ইসলাম।
আগামী এক বছরের মধ্যেই দেশের শ্রমবাজার গার্মেন্টস খাতের সঙ্গে পাল্লা দিতে রেমেটেন্স অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত চার প্রবাসী বাংলাদেশিকে মঙ্গলবার দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। সিঙ্গাপুরের টেররিজম অ্যাক্টের অধীনে সম্প্রতি ওই চারজনসহ ছয় বাংলাদেশিকে আটক করা হয়। সিঙ্গাপুরের মেরিন ও নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করা এসব ব্যক্তিরা নিজেদের ইসলামিক স্টেট ইন বাংলাদেশের সদস্য বলে স্বীকার করেছে। দেশ ফিরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বাংলাদেশ সরকারের পতন ঘটানোর পরিকল্পনা ছিল বলেও তারা স্বীকারোক্তি দেয়।