কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আনার জন্য সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে—এজন্য ৫ হাজার ৬৫৮ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ দুটিসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলো আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু অনুশাসন দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কক্সবাজারের মাতারবাড়ীতে জাইকার অর্থায়নে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। সেখানে উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মাতারবাড়ী থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দুটি সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার একনেকের বৈঠকে এজন্য বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকারও বেশি বলে পরিকল্পনামন্ত্রী।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবার মান এখনও সন্তোষজনক নয়। এগুলোর স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রধানমন্ত্রী কয়েকটি অনুশাসন দিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থবছরের একনেকের দ্বিতিয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ৭ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।