দেশের প্রচলিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং জিডিপির প্রবৃদ্ধি দিয়ে, দারিদ্র্য নির্মূল সম্ভব নয়—উল্লেখ করে দারিদ্র্যের হার শুন্য শতাংশে নামিয়ে আনতে গরীবদের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন।
রোববার সকালে রাজধানীতে স্টেকহোল্ডারদের নিয়ে বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেট ও অন্যান্য নীতি কাঠামোর ভূমিকা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
ড. বিনায়ক সেন বলেন, আগামী কয়েক বছরে জিডিপির প্রবৃদ্ধি যদি ৮ শতাংশও হয় তাহলেও ২০২১ সালে দারিদ্র্যের হার ১৩% নিচে নামবে না।
তবে, সভায় অর্থমন্ত্রী আবল মাল আবদুল মুহিত বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দুর্নীতি প্রতিরোধে খুব বেশি এগোনো সম্ভব হয়নি।
বিগত এক দশকে দেশে দারিদ্র্যের হার যেভাবে কমেছে, তাতে সরকারের সামাজিক সুরক্ষা কৌশলপত্র এবং জিডিপির প্রবৃদ্ধি সবচেয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
অর্থমন্ত্রীও বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বলেন, দারিদ্র্য বিমোচনে সরকার যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কৌশল নিয়েছে, এক্ষেত্রে বাংলাদেশই সর্বোৎকৃষ্ট মডেল।
তবে, দেশকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করা এবং আয়ের বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয়— তবে দুর্নীতি প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উল্লেখযোগ্য সাফল্য নেই বলেই মনে করেন মুহিত।