বাংলাদেশের উদ্যোক্তারা চাইলেই ভারতে বিনিয়োগ করতে পারবে— এ বিনিয়োগের উদ্যোগকে ভারত স্বাগত জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার সচিবালয়স্থ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা বিবেচনায় বাংলাদেশের উদ্যোক্তাদের ভারতে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
তিনি আরো বলেন, পাটসহ কিছু পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর করে রপ্তানি বৃদ্ধির বিষয়ে উভয়দেশ একমত হয়েছে।
ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি আগের তুলনায় বেড়েছে—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত ৯ মাসে ভারতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩১%। চলমান বর্ডারহাট ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
তিনি বলেন, বর্তমানে ৪টি বর্ডারহাট চালু রয়েছে, ২টি হাটের নির্মাণ কাজ প্রায় চুড়ান্ত পর্যায়ে এবং আরো ৭টি হাট স্থাপনের বিষয় বিবেচনাধী রয়েছে।
এছাড়াও বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সবধরনের সহযোগিতা দেবে ভারত— এ বিষয়ে উভয়দেশই পরস্পরকে সহযোগিতা করতেও একমত পোষণ করেছে বলে জানান তোফায়েল আহমেদ।
এদিকে, বাংলাদেশে যে কোনো ধরনের বিনিয়োগকে ভারত স্বাগত জানাবে— উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আগের তুলনায় বেড়েছে।
ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও জানান ভারতীয় এ হাইকমিশনার।
ভারত সন্ত্রাস বিরোধী কাজে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় এবং যুগ্মসচিব (এফটিএ) মুনির চৌধুরী। (সূত্র: বাসস)