বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব জানিয়েছে ব্যাংকটি।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের যুগ্মপরিচালক মহুয়া মহসীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারপূর্বক ফিলিপাইন হতে দেশে ফেরত আনার লক্ষে বাংলাদেশ ব্যাংক ঘটনার পর হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।'
এতে বলা হয়, এসব উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে চুরিকৃত অর্থের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক অর্থ উদ্ধার কার্যক্রমে ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থাসহ ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত আইনজ্ঞ সার্বক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ব্যাংকের অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ মোট চার বার ফিলিপাইন গমন করেন এবং ওইসময় ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস, অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সভায় মিলিত হন এবং বাংলাদেশের অর্থ উদ্ধারে এসকল কর্তৃপক্ষের সহায়তা চান। সকল সংস্থা কর্তৃকই বাংলাদেশ ব্যাংককে অর্থ উদ্ধারে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
এতে আরো বলা হয়, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলকে সার্বিক সহায়তা প্রদান করেন। ফিলিপাইন কর্তৃপক্ষের সঙ্গে সভায় সবাই বাংলাদেশ ব্যাংকের চুরিকৃত অর্থ উদ্ধারে ফিলিপাইনের নতুন সরকারের প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেন।