বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রির্জাভের উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ‘২/১ দিনের মধ্যেই’ হাতে পাওয়া যাবে— বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজার্ভ থেকে চুরি যাওয়ার অর্থের মধ্যে কতটুকু ব্যাংকিং চ্যানেলে রয়েছে?— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সেটা তো আমরা বলতে পারব না। তবে অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেড থেকে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপিন্সের একটি ব্যাংকে নেয়া হয়। ওই অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গেলেও তার মধ্যে দেড় কোটি ডলার ফিলিপিন্স উদ্ধার করে।
পরে সোমবার ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে বলা হয় দেশটির আদালতের এক আদেশে।
এদিকে, এ খবর আসার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে লোপাট হওয়া পুরো অর্থ ফেরত পাওয়ার আশা প্রকাশ করা হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গত মে মাসে ফিলিপিন্সের সিনেট কমিটির তদন্তের সময় এক ‘ক্যা সিনো জাংকেট’ দেড় কোটি ডলার ফেরত দেন। যদিও তার জুয়ার আখড়ায় বাংলাদেশের রিজার্ভের সাড়ে ৩ কোটি ডলার গিয়েছিল বলে মনে করা হয়।
এছাড়াও ৮ কোটি ১০ লাখ ডলারের বাকি অর্থ কোথায় রয়েছে এর হদিস এখনও মেলেনি।