সন্ত্রাস ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে প্রশংসিত হয়েছে বাংলাদেশ তবে ব্যর্থ অর্থ পাচাররোধে— এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব মানিলন্ডারিংয়ের (এপিজি) ৩য় পর্বের মুল্যায়ন প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বুধবার দুপুরে এপিজির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে অর্থপাচার ও সন্ত্রাস প্রতিরোধে গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করে এশিয়া প্যাসিফিক গ্রপ-এপিজি তার ৩য় পর্বের চূড়ান্ত মূল্যায়ন শেষ করেছে।
এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট নরওয়ে, শ্রীলঙ্কা এবং ফিজি হতে ভাল অবস্থানে আছে। বিশেষ করে সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভাল অবস্থানে রয়েছে।
তবে অর্থপাচার রোধে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি, সে বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি রিজার্ভ চুরির প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ব্যাংক বলছে, ফিলিপাইনের আদালত অর্থ ফেরতের নির্দেশ দিলেও, বাকি আছে আরো আইনি প্রক্রিয়া।
এপিজির এবারের প্রতিবেদনে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত অর্থপাচার এবং সন্ত্রাস অর্থায়নে ঝুঁকির বিষয়ে মূল্যায়ন তুলে ধরা হয়েছে। যা খুব তাড়াতাড়িই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।