চুরি হওয়া রিজার্ভের দেড় কোটি ডলার ফিলিপাইনের কাছ থেকে অবশেষে ফেরত পেয়েছে বাংলাদেশ। শুক্রবার দেশটিতে বাংলাদেশ রাষ্ট্রদূতাবাসে এ টাকা ফেরত দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি টাকাও ফেরত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
রিজার্ভ চুরির ঘটনায় উদ্ধার হওয়া দেড় কোটি ডলার গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দেন ফিলিপাইনের আদালত। এরপর অর্থ ফেরত আসা নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ম্যানিলায় দেশটির সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে।
এতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব রয়েছেন।
গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেয় ফিলিপাইনের আদালত। এ অর্থ ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে যা ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা করা হয়।
এর আগে ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাটিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে ব্যাংকে সরিয়ে নেয় হ্যাকাররা।