ভারত ৫০০ ও ১০০০ রুপির নোট আকস্মিকভাবে বাতিল ঘোষণা করায় সেখানে অবস্থানরত বাংলাদেশিরা চরম বিপাকে পড়েছেন। টাকা পরিবর্তন করতে না পেরে চিকিৎসা করতে যাওয়া যাত্রীরা ডাক্তার না দেখিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
অনাহারে বহু বাংলাদেশি ভারতে মানবেতর দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করছেন ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা।
কালো টাকা রোধ করতে ভারত সরকার গত মঙ্গলবার হঠাৎ করেই ৫০০ ও ১০০০ টাকার রুপি নিষিদ্ধ করে। এতে, চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী, পর্যটক আর চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিরা।
এ ঘোষণায় ভারতে অবস্থান করা হাজার হাজার বাংলাদেশিকে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। অনেকে হাসপাতালের বিল ও ওষুধ কেনার টাকা দিতে পারছেন না। আবার অনেকে টাকা পরিবর্তন করতে না পেরে ডাক্তার না দেখিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশি যারা ভারতে কাজ করেন তাদের অনেকেরই সেদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফলে তারা পড়েছেন বিপাকে। দীর্ঘদিন কাজ করে জমানো টাকা নামমাত্র মূল্যে তারা এখন বিক্রি করে দিচ্ছেন বলেও জানান অনেকে।
ভারত সরকার সেদেশের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার কারণে বেনাপোল ইমিগ্রেশনের উপর প্রভাব পড়েছে। পর্যটকদের যাওয়া আসা কমে যাওয়ায় কমে গেছে রাজস্ব আয় বলে জানান বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি এস এম ইকবাল আহম্মেদ ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল্লাহ।
এতে, লোকসানে পড়তে হয়েছে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোকেও বলে জানান তারা।
তবে, ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে ভারতীয় ১০০ রুপির কদর বেশ বেড়েছে।
এপারে মানি এক্সচেঞ্জগুলোতে সহজে ১০০ রুপির নোট মিলছে না। বিরাজমান এ জটিলতা নিরসনে দুদেশের সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সবার।