বাংলাদেশে এখন আর মঙ্গা নেই তাই শব্দকোষ থেকেও ‘মঙ্গা’ কথাটি বাদ দেয়া যায়— এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার দুপুরে রাজধানীতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ‘মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক কর্মসুচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী ৮ বছর পর বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা ছাড়া দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এ সাফল্যে মঙ্গাকে বিদায় জানানো হয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালেই হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। মঙ্গা কাটলেও পিকেএসএফের প্রয়োজনীয়তা শেষ হয়নি।
কোনো দুর্যোগের কারণে কাউকে যেনো পথে বসতে না হয়— সে বিষয়ে কাজ করতে পিকেএসএফকে নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, পিকেএসএফের সমন্বিত কর্মসূচির কারণে মঙ্গাপীড়িত অঞ্চলে ১০ বছরে মানুষের সম্পদ বেড়েছে প্রায় আড়াই'শ শতাংশ।
২০০৬ সালে বৃহত্তর রংপুরে অঞ্চলে মঙ্গাক্রান্ত অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ‘মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ’ কর্মসুচি গ্রহণ করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের ১১টি জেলার ৫০টি উপজেলায় সম্প্রসারণ করা হয় এ কর্মসুচি। এর আওতায় ৫ লাখ ১২ হাজার নারী-পুরষকে প্রশিক্ষণ, প্রযুক্তি এবং অর্থ দেয়া হয়।
চলতি বছর এ কর্মসুচি শেষে ফলাফলে দেখা যায়, ১০ বছরে মঙ্গাক্রান্ত পরিবারগুলোর আয় বেড়েছে প্রায় ৪ গুন। খাদ্য নিরাপত্তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ শতাংশ। আর কাজের সুযোগ শুন্য থেকে দাঁড়িয়েছে বছরে ২৬৯ দিন এবং গড় সম্পদ বেড়েছে ২৪২ শতাংশ।আপস.
কর্মসুচির সমাপনী অনুষ্ঠানে এই সাফল্যের কারণ ব্যাখা করলেন পিকেএসএফের চেয়ারম্যান।