শেয়ার বাজার বিষয়ক ফাইনান্সিয়াল রিপোর্ট কাউন্সিল গঠিত না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এ কাউন্সিলের অভাবে মূদ্রা বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন তারা।
শনিবার দুপুরে রাজধানীতে এ সংক্রান্ত এক সেমিনারে তারা এসব কথা বলেন।
শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের আর্থিক প্রতিবেদন অসচ্ছ ও উদ্দেশ্য প্রণোদিত বলে আগে থেকেই অভিযোগ রয়েছে উল্লেখ করে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে।
এসব প্রতারণা বন্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফাইনান্সিলয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও সরকার বদলের প্রেক্ষাপটে তা স্থগিত হয়ে যায়।
এ নিয়ে অনেক দেন-দরবারের পর বেশ কিছুদিন আগে পাশ হয়েছে ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। তবে এটি বাস্তবায়নের জন্য এখনো কোনো কাউন্সিল গঠন করেনি সরকার।
বিনিয়োগকারীরা মনে করছেন, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠিত না হওয়ায়, থামানো যাচ্ছে না শেয়ার বাজার প্রতারক চক্রের দৌড়াত্ব।
এটি না হওয়ায় হতাশ সাবেক তত্তাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজ। তার মতে, করপোরেট প্রতিষ্ঠানগুলো সুশাসন প্রতিষ্ঠায়, যথাযথ অডিট এবং অডিটরদের জবাবদিহিতা অত্যাবশক।
আর শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা—সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারের মতে, বাজার এখন আগের চেয়ে অনেক সচ্ছ। চেষ্টা চলছে, সুশাসন প্রতিষ্ঠার।
শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিয়ে, দেশের প্রথম পুর্নাঙ্গ বাংলা বিজনেজ নিউজ পোর্টাল- অর্থসুচক আয়োজন করে এ সেমিনারের।