বাংলাদেশের তৈরি পোশাক খাতে যে সংস্কার হয়েছে তা সন্তোষজনক তবে এখনো অনেক কাজ বাঁকি রয়েছে—যা সরকারের পূরণ করা উচিত বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার।
মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁওয়ে আয়োজিত যৌথ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারের সঙ্গে আইএলও'র সংলাপ অব্যাহত থাকবে উল্লেখ করে গাই রাইডার বলেন, দেশে যে শ্রম আইন সংস্কার করা হয়েছে তা আরো সংশোধন করা দরকার।
দেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করে তিনি আরো বলেন, ২০১৩ থেকে বর্তমানে এ খাতে কাজের মান ও পরিবেশের অনেক উন্নতি হয়েছে। তবে এখনো অনেক কাজ বাঁকি রয়েছে।
আর সম্প্রতি যে শ্রম আইন সংস্কার করা হয়েছে তা আরো সংশোধন করা দরকার বলেও মত দেন আইএলওয়ের মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে শ্রমপ্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, দেশের শ্রম আইন নিয়ে মালিক শ্রমিকও ট্রেড ইউনিয়নের স্পষ্ট ধারণা না থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
শ্রমিকদের স্বার্থে যে আইন সংস্কার করা হয়েছে প্রয়োজনে তা সংশোধন করা যাবে বলেও জানান তিনি।
গত ১০ ডিসেম্বর বাংলাদেশে আসেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও'র মহাপরিচালক গাই রাইডার। এ সফরে ব্যস্ত সময় পার করেন তিনি।
পরিদর্শন করেন বাংলাদেশের বিভিন্ন কলকারখানা ও তৈরি পোশাক খাত। দেশের শ্রমিকদের কাজের পরিবেশ ও মান উন্নয়ন বাংলাদেশে সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও আইএলও এর আর্থিকও কারিগরি সহায়তায় স্কিল ২১, আরএমজি ফেস-২ সহ কয়েকটি প্রকল্পের চুক্তি সই করেন তিনি।