টানান তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা। ছুটির দিন শুক্রবার হলেও বন্ধ থাকা কারখানার আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রমিক অসন্তোষের ঘটনায় দুটি কারখানার ২৫৬ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে।
এদিকে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কিছু শ্রমিক নেতার অদৃশ্য শক্তির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যথাযথ নিয়ম মেনেই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান তিনি। তবে তার আগে শ্রমিকদের কাজে যোগ দিতে হবে।
শ্রমিক অসন্তোষের ঘটনায় ফাউন্টেন ও উইন্ডি পোশাক কারখানার ২৫৬ জন শ্রমিককে ছাটাই করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অব্যাহত শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে বুধবার আশুলিয়ার প্রায় ৮০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। শ্রমিক অসন্তোষের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।